দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার ১৯ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনের সড়কে বিক্ষোভে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১০টার পর রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের কর্মীরা এসে জড়ো হতে থাকেন। বেলা সোয়া ১১টার দিকে তারা সড়কে বসে পড়লে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে হাজারো ছাত্রনেতা অংশ নেন এবং একের পর এক বক্তব্যের মাধ্যমে আন্দোলন চালিয়ে যান।
বিক্ষোভ চলাকালে নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ছাড়াও র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, দাবি আদায়ে ইসির সদিচ্ছার প্রকাশ না পেলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর হবে। তিনি বলেন, বর্তমানে শুধু মূল সড়ক অবরোধ করা হচ্ছে, তবে প্রয়োজনে ইসি ভবনের প্রধান গেট অবরোধের কথাও বিবেচনায় রয়েছে। দাবি আদায় না হলে সারারাত অবস্থানের ঘোষণাও দেন তিনি।
ছাত্রদলের পক্ষ থেকে তিনটি প্রধান অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্তে পক্ষপাত, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসির স্বাধীনতা ক্ষুণ্ন হওয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপন জারি।
ছাত্রদল নেতারা জানিয়েছেন, ইসির দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
