লোড হচ্ছে...
লোড হচ্ছে...

একুশে স্মারক ডাকটিকিট উন্মোচন

প্রকাশিত: 21 ফেব্রুয়ারী 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ডাকটিকিট অবমুক্ত করেন।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁও কার্যালয়ে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক দাফতরিক কার্যক্রম। এর মধ্য দিয়ে নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর আগমনে কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তিনি বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনেকের খোঁজখবর নেন।

দাফতরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্মারক ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে দিকনির্দেশনা দেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাফতরিক কার্যক্রম শুরু করাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন উপস্থিত কর্মকর্তারা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman