দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতার ও বাহরাইনে অবস্থিত সামরিক ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দি নিউইয়র্ক টাইমস।
মধ্যপ্রাচ্যের আটটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে— কাতার, বাহরাইন, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যে কাতারের আল উবেইদ ঘাঁটিটি সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের সময় এই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বাহরাইনের ঘাঁটিটি ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর। তবে কাতার ও বাহরাইন থেকে সেনা সরানো শুরু হলেও অন্য ছয়টি দেশে অবস্থিত ঘাঁটি থেকে এখনো সেনা প্রত্যাহারের কোনো তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বর্তমানে ৩০ থেকে ৪০ হাজার সেনা অবস্থান করছেন।
এদিকে সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস-এর কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক অভিযান শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সম্পদকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।
এই সতর্কবার্তার পরই কাতার ও বাহরাইন থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে রয়েছে United States Central Command (সেন্টকোম)। কেন শুধু কাতার ও বাহরাইন থেকে সেনা অপসারণ করা হচ্ছে— এ বিষয়ে সেন্টকোমের কাছে জানতে চাওয়া হলেও কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
