লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশ ঢেলে সাজানোর পরিকল্পনা ডিএনসিসি’র

প্রকাশিত: 09 জানুয়ারী 2026

42 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা জায়গাগুলোকে নান্দনিক ও জনবান্ধব গণপরিসরে রূপ দিতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। নগর সৌন্দর্য বৃদ্ধি, সবুজায়ন এবং নাগরিকদের জন্য উন্মুক্ত বিশ্রাম ও বিনোদনের স্থান তৈরিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শুক্রবার বিকেলে উত্তরা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের স্থান পরিদর্শনকালে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এসব জায়গাকে পরিচ্ছন্নতার আওতায় এনে সৌন্দর্য বৃদ্ধি করা হবে। পাশাপাশি ফুল গাছ রোপণ, বসার ব্যবস্থা এবং হাঁটার উপযোগী পরিবেশ তৈরি করে নগরবাসীর জন্য নতুন গণপরিসর গড়ে তোলা হবে।

ডিএনসিসি সূত্র জানায়, এ পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ এগোচ্ছে। এরই মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত স্থানগুলো বুঝে নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তি অনুযায়ী, এক্সপ্রেসওয়ের নিচের স্থানগুলোতে সবুজায়ন, ল্যান্ডস্কেপিং, পথচারীবান্ধব অবকাঠামো এবং উন্মুক্ত বিনোদনমূলক স্থাপনা গড়ে তুলবে ডিএনসিসি। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে নগর জীবনে আসবে ইতিবাচক ও নান্দনিক পরিবর্তন।

সংক্ষিপ্ত বিশ্লেষণে দেখা যায়, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরে এই ধরনের গণপরিসর তৈরি হলে নাগরিকদের সামাজিক যোগাযোগ ও মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman