লোড হচ্ছে...
লোড হচ্ছে...

টিকা সংকট কাটাতে দেশে এলো ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন

প্রকাশিত: 07 মে 2026

34 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশে চলমান হাম সংক্রমণ পরিস্থিতির মধ্যে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন এসে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার বেলা প্রায় পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এ পৌঁছানো চালানটি নিজে উপস্থিত থেকে গ্রহণ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকা এসেছে। এর মধ্যে রয়েছে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও। সরকারের নিয়মিত টিকাদান কর্মসূচিতে সাম্প্রতিক যে সংকট তৈরি হয়েছিল, নতুন চালান সেই ঘাটতি কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে দ্রুত টিকা আমদানির উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে নিয়মিত মজুত থাকা কিছু টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহার করায় সাময়িক সংকট তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকাগুলো দেশে আনা সম্ভব হয়েছে, যা সরকারের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও পোলিওর মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। নতুন চালান আসায় দেশের বিভিন্ন অঞ্চলে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman