দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের ধারাবাহিকতায় আরও ১০টি বিল পাস হয়েছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে এসব বিল সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিল উত্থাপন করলে সংসদ সদস্যরা সম্মিলিতভাবে অনুমোদন দেন।
সংসদের বিশেষ কমিটি জানায়, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়েছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে আরও শক্তিশালী করে বিল আকারে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
এদিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পাঁচটি বিল উত্থাপন করেন, যা পাস হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল পাসের প্রস্তাব দেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেন। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল’ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল পাসের প্রস্তাব উত্থাপন করেন, যা সর্বসম্মতিতে গৃহীত হয়।
অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তর সরকারের আইনগত ধারাবাহিকতা নিশ্চিত করলেও আলোচনা ছাড়া বিল পাস হওয়া সংসদীয় বিতর্কের পরিসর সীমিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
