লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশিত: 09 মে 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর মাতুইল এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল ১০টার দিকে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মাতুইল মেডিকেল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ শুরু হলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, মাতুইল এলাকার শহীদবাগ, নূরবাগসহ আশপাশের কয়েকটি এলাকায় বছরের বেশিরভাগ সময় রাস্তাঘাট পানির নিচে ডুবে থাকে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ তৈরি হচ্ছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। তারা বলেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা যায়।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকার প্রবেশমুখে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। অনেকে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থাকেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এখন মৌসুমি নয়, বরং স্থায়ী নগর সংকটে পরিণত হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে দক্ষিণাঞ্চলের বহু এলাকা প্রতিবছর একই দুর্ভোগের মুখে পড়ে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু সাময়িক পানি নিষ্কাশন নয়, দীর্ঘমেয়াদি সমন্বিত ড্রেনেজ ব্যবস্থাপনা ছাড়া এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman