লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মেহেরপুর–লালমনিরহাট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

প্রকাশিত: 19 জুন 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । সীমান্ত ডেস্ক ।

মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে ৭ জনকে পুশইনের চেষ্টা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে পৃথক দুটি ঘটনায় এই চেষ্টা করা হলেও বিজিবির হস্তক্ষেপে তা সফল হয়নি।

বিজিবি ও স্থানীয় সূত্র অনুযায়ী, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে ৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। সীমান্তের শূন্যরেখার কাছে তাদের দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এবং পুশইন ঠেকায়।

একই সময়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্ত দিয়েও আরও ৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়। সেখানেও বিজিবির সতর্ক অবস্থানের কারণে অনুপ্রবেশ সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, সীমান্তের ওপারে দেখা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও পুরুষ ছিলেন। তবে তাদের পরিচয়, নাগরিকত্ব বা কোথা থেকে আনা হয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তারা কোথায় আছেন, সেটিও পরিষ্কার নয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। শূন্যরেখা ও সংলগ্ন এলাকাগুলোতে স্থানীয়দের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

মেহেরপুর সীমান্তের ঘটনায় বিজিবির ৬ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ধরনের অবৈধ পুশইন বা অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করা হবে।

সাম্প্রতিক সময়ে সীমান্তে একাধিক পুশইন সংক্রান্ত ঘটনার পর নতুন এই চেষ্টা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman