লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা

প্রকাশিত: 19 জুন 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । জাতীয় ডেস্ক ।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। সম্ভাব্য সংঘাত এড়াতে দেশজুড়ে সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী দলটির কিছু কর্মী বিভিন্ন এলাকায় প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন। এতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়ে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মসূচির সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হতে পারে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও বাড়তে পারে।

এই পরিস্থিতিতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট সব ইউনিটকে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্প্রতি রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও প্রচারপত্র বিতরণের ঘটনা বেড়েছে বলে জানায় পুলিশ। এসব ঘটনায় কোথাও কোথাও ককটেল বিস্ফোরণ ও আটক কার্যক্রমের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যেকোনো কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, সম্ভাব্য নাশকতা বা সহিংসতা ঠেকাতে মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হচ্ছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman