লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে লন্ডনে বিশেষ অধিবেশনে বাংলাদেশ

প্রকাশিত: 19 মার্চ 2026

47 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য নির্বিঘ্ন রাখতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে দেশটি।

লন্ডনে অনুষ্ঠিত International Maritime Organization (আইএমও) কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ অবস্থান তুলে ধরে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং এর বৈশ্বিক বাণিজ্য ও নৌপরিবহনে প্রভাব নিয়ে আলোচনা করতেই জরুরি এ সভার আয়োজন করা হয়।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম। আলোচনায় তিনি বলেন, সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সব সমুদ্রকর্মীর নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

বাংলাদেশ আন্তর্জাতিক আইন এবং United Nations Convention on the Law of the Sea (আনক্লজ) অনুযায়ী সব ধরনের জাহাজের অবাধ ও বৈধ চলাচলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে জ্বালানি সরবরাহ, পণ্য পরিবহন এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। ফলে সমুদ্রপথ নিরাপদ রাখা এখন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman