দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে দুই দেশই সীমান্ত সংঘাত সাময়িকভাবে বন্ধ রাখতে রাজি হয়েছে।
বুধবার ইসলামাবাদ ও কাবুল পৃথক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত সামরিক অভিযান স্থগিত থাকবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ইসলামী মূল্যবোধ ও সদিচ্ছার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সীমান্তের ওপার থেকে হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
সাম্প্রতিক সময়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তান অভিযোগ করছে, তাদের ভূখণ্ডে হামলা চালানো উগ্রবাদীরা আফগানিস্তানে আশ্রয় পাচ্ছে। যদিও তালেবান সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
গত সোমবার কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা তাদের জাতীয় ও ধর্মীয় দায়িত্ব এবং যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে।
তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে, ওই হামলায় প্রায় ৪০০ আফগান নাগরিক নিহত হয়েছেন, যদিও হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। দাফন কার্যক্রমে গণকবর খোঁড়া হয়েছে এবং বহু পরিবার এখনো নিখোঁজ স্বজনের খোঁজ করছে। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হাক্কানী হামলার নিন্দা জানিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলা সংঘাতে অন্তত ৭৬ জন নিহত ও এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক মধ্যস্থতা প্রচেষ্টা বর্তমানে ধীর হয়ে পড়েছে।
