লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রপ্তানিতকে আরো গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের প্রি-শিপমেন্ট ঋণ চালু

প্রকাশিত: 24 এপ্রিল 2026

16 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রপ্তানিমুখী খাতকে চাঙা করতে কম সুদের প্রি-শিপমেন্ট ঋণ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে এ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নতুন এই ব্যবস্থায় ব্যাংকগুলো ২ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে। রপ্তানিকারকরা পণ্য জাহাজীকরণের আগের ব্যয় মেটাতে এই ঋণ ব্যবহার করতে পারবেন। সংশ্লিষ্টরা বলছেন, এতে পুঁজির চাপ কমবে এবং উৎপাদন কার্যক্রমে গতি আসবে।

ব্যবসায়ীদের মতে, দীর্ঘদিন ধরে উচ্চ সুদের কারণে রপ্তানি খাত চাপে ছিল। এই কম সুদের ঋণ চালু হওয়ায় স্থবিরতা কাটিয়ে রপ্তানি প্রবৃদ্ধি বাড়তে পারে। একই সঙ্গে শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ সহজ হবে, যা শ্রম অসন্তোষ কমাতেও সহায়ক হতে পারে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ৫ শতাংশ সুদে এই তহবিল রপ্তানিকারকদের জন্য বড় সহায়তা হবে এবং রপ্তানি বাড়াতে ভূমিকা রাখবে। অন্যদিকে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, আগের তহবিল বন্ধ থাকায় উৎপাদন ব্যয়ে বড় সংকট তৈরি হয়েছিল, যা এখন কিছুটা কাটবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্য-ইউরোপ অঞ্চলের সংঘাতের কারণে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী খাত চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা, উৎপাদন সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতেই এই পুনঃঅর্থায়ন তহবিল চালু করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় প্রথম এ ধরনের তহবিল চালু করা হলেও ২০২৪ সালে এর মেয়াদ শেষ হয়ে যায়। নতুন করে চালু হওয়া এই স্কিম ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। একক কোনো প্রতিষ্ঠান সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন ঠিকভাবে হলে রপ্তানি খাতে নতুন গতি আসতে পারে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman