লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর, ইতিহাসের ভয়াবহতম শিল্প দুর্ঘটনা, বিচারের বাণী এখনো নিভৃতে কাঁদে

প্রকাশিত: 24 এপ্রিল 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সাভারের রানা প্লাজা ধসের ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচারপ্রক্রিয়া। ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসের ভয়াবহতম শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান ১১৩৬ শ্রমিক, আহত হন প্রায় দুই হাজার মানুষ। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ছয়টি মামলার মধ্যে মাত্র একটি নিষ্পত্তি হয়েছে, বাকি পাঁচটি এখনও বিচারাধীন।

হত্যা, ইমারত আইন লঙ্ঘন, দুর্নীতি, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলাগুলোর বিচার চলছে ঢাকার বিভিন্ন আদালতে। হত্যা মামলায় ৫৯৪ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৪৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আদালত সূত্র বলছে, মামলাটি এখনও সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং কবে শেষ হবে তা নিশ্চিত নয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, শুরুতে তদন্ত ও আইনি প্রক্রিয়ায় বিলম্ব এবং উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে বিচার দীর্ঘসূত্রতায় পড়ে। তবে সাম্প্রতিক সময়ে কিছু অগ্রগতি হয়েছে এবং চলতি বছরের মধ্যেই রায়ের আশা করা হচ্ছে। অন্যদিকে আসামিপক্ষের দাবি, দীর্ঘ বিচারপ্রক্রিয়ার কারণে প্রধান আসামি সোহেল রানা প্রায় ১৩ বছর ধরে কারাবন্দি, যা ন্যায়বিচারের প্রশ্ন তুলছে।

ইমারত আইন লঙ্ঘনের মামলাতেও সাক্ষ্যগ্রহণ ধীরগতির। নির্ধারিত দিনে সাক্ষী হাজির না হওয়ায় বারবার পেছাচ্ছে শুনানি। দুর্নীতির মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে থাকলেও চূড়ান্ত রায় এখনও হয়নি।

এই দীর্ঘসূত্রতা শুধু আইনি জটিলতা নয়, বরং ভুক্তভোগী পরিবারগুলোর জন্য গভীর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিহত শ্রমিকদের স্বজনরা দ্রুত বিচার ও দায়ীদের শাস্তি দাবি করলেও বাস্তবে বিচারপ্রক্রিয়া এখনও শেষের পথে পৌঁছাতে পারেনি।

বাংলাদেশের শ্রমখাতের নিরাপত্তা ও জবাবদিহিতার প্রশ্নে রানা প্লাজা একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে আছে। কিন্তু বিচার বিলম্বিত হওয়ায় অনেকের মতে, এটি এখনো দেশের বিচারব্যবস্থার সীমাবদ্ধতারই প্রতিফলন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman