লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ড. খলিলুর রহমান

প্রকাশিত: 27 ফেব্রুয়ারী 2026

111 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা তারেক রহমান তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

আগামী ২ জুন নিউইয়র্কে United Nations General Assembly হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন নীতিমালা অনুযায়ী এবার সভাপতি নির্বাচিত হবেন এশিয়া প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে। ফিলিস্তিন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলেও তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। ফলে এখন বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস।

এর আগে অন্তর্বর্তী সরকার সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ড. খলিলুর রহমানকে চূড়ান্ত প্রার্থী করা হয়।

কূটনৈতিক সূত্র বলছে, প্রায় চার দশক পর এই পদে বাংলাদেশের নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে। সর্বশেষ ১৯৮৬ সালে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী।

আগামী সেপ্টেম্বরে ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমান ৮০তম অধিবেশনের সভাপতি Annalena Baerbock প্রার্থীদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক মতবিনিময় সভা আয়োজন করবেন।

কূটনৈতিক মহল মনে করছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা ও কৌশলগত অবস্থান বিবেচনায় এ নির্বাচন তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বৈশ্বিক দক্ষিণের ইস্যুগুলো তুলে ধরার ক্ষেত্রে এ পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman