লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাতিসংঘে বাংলাদেশের নতুন মাইলফলক, খলিলুর রহমানকে অভিনন্দন যুক্তরাষ্ট্র ও মালদ্বীপের

প্রকাশিত: 03 জুন 2026

2 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও মালদ্বীপ। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এ অর্জনকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটির মাধ্যমে ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে প্রদত্ত ১৯০টি ভোটের মধ্যে তিনি ৯৯ ভোট লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং কোনো সদস্য রাষ্ট্র ভোটদান থেকে বিরত থাকেনি।

নির্বাচনের পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এক অভিনন্দন বার্তায় ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানান। তিনি জাতিসংঘের আসন্ন অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বের সাফল্য কামনা করেন।

অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুও পৃথক বার্তায় বাংলাদেশকে অভিনন্দন জানান। তিনি এই অর্জনকে শুধু বাংলাদেশের নয়, বরং সমগ্র অঞ্চলের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক পদগুলোর একটি। এই পদে নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে সংশ্লিষ্ট দেশের গ্রহণযোগ্যতা, আস্থা এবং কূটনৈতিক সক্ষমতার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর কিছুদিন পর বিশ্বনেতারা বার্ষিক উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে সমবেত হবেন। ওই অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এ বিজয় বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রতি সদস্য রাষ্ট্রগুলোর আস্থার প্রতিফলন। একই সঙ্গে এটি জাতিসংঘ ব্যবস্থায় বাংলাদেশের উপস্থিতি ও প্রভাব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman