লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 14 জুন 2026

3 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে অতি দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বেনজীর আহমেদকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।

তিনি জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল পুলিশ, এনসিবি আবুধাবি, ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে নিশ্চিত করেছে যে বেনজীর আহমেদকে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে এবং তিনি বর্তমানে সেখানে আটক রয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইনের আওতায় গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। সে লক্ষ্যে এনসিবি ঢাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে।

সংসদে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে কেউ নন। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।

বিবৃতির সময় সংসদে উপস্থিত সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে বিষয়টিকে স্বাগত জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর সংসদ কক্ষে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

উল্লেখ্য, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman