লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে এল

প্রকাশিত: 06 এপ্রিল 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৬ ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ৮ মার্চ ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল খারজ এলাকায় আঘাত হানলে গুরুতর অগ্নিদগ্ধ হন মামুন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন বলে জানা গেছে।

মরদেহ হস্তান্তরের সময় মন্ত্রী নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যুদ্ধপ্রবণ অঞ্চলে কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman