দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।
বিশ্বকাপে শনিবার ভোরে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও হাইতি। ম্যাচকে ঘিরে আলোচনার কেন্দ্রে এখন একটি প্রশ্নই বেশি ঘুরছে—অঘটন ঘটাতে পারবে কি হাইতি, নাকি সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল?
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী ম্যাচে স্পষ্টভাবে এগিয়ে ব্রাজিল। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮৭.৩ শতাংশ। অন্যদিকে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ৮.৪ শতাংশ।
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে বড় ব্যবধান আছে। ব্রাজিল বর্তমানে শীর্ষ ছয়ের মধ্যে থাকলেও হাইতি রয়েছে অনেক নিচে। শক্তি, অভিজ্ঞতা এবং স্কোয়াড গভীরতা সব দিক থেকেই এগিয়ে সেলেসাওরা।
পরিসংখ্যান আরও বলছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করলেও গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা এখনো শক্ত অবস্থানে ব্রাজিলের। সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী তাদের শেষ ৩২–এ ওঠার সম্ভাবনা ৯০ শতাংশের বেশি।
অন্যদিকে হাইতির জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন। প্রথম ম্যাচে হার তাদের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ।
ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এর আগে তিনবার মুখোমুখি হয়েছে, প্রতিবারই জিতেছে ব্রাজিল। সেই ম্যাচগুলোতে সেলেসাওরা করেছে ১৭ গোল, হাইতির গোল মাত্র ১টি। সর্বশেষ বড় ব্যবধানে জয় এসেছিল ২০১৬ কোপা আমেরিকায়, যেখানে ব্রাজিল জিতেছিল ৭–১ ব্যবধানে।
তবে ফুটবলে পরিসংখ্যান সবসময় শেষ কথা বলে না। আন্ডারডগ হাইতি এবারও চেষ্টা করবে লড়াইয়ের, আর ব্রাজিল চাইবে নিজেদের ছন্দে ফিরে গিয়ে গ্রুপ পর্বে জায়গা আরও শক্ত করতে।
