লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নাজমুলের দায়িত্ব ফিরিয়ে দিল বিসিবি

প্রকাশিত: 25 জানুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কারণ দর্শানোর নোটিশ পাওয়া বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম শেষ পর্যন্ত নিজের দায়িত্ব ফিরে পেয়েছেন। শনিবার ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় তাকে আবারও অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি জানান, এম নাজমুল ইসলাম বোর্ডের শৃঙ্খলা বিভাগের কাছে লিখিতভাবে তার জবাব জমা দিয়েছেন এবং সেই জবাবকে সন্তোষজনক বলেই বিবেচনা করা হয়েছে।

আমজাদ হোসেন বলেন, বোর্ডের পক্ষ থেকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, সেটির জবাব নাজমুল ইসলাম যথাসময়ে দিয়েছেন। শৃঙ্খলা বিভাগ তার বক্তব্য পর্যালোচনা করে বোর্ডকে জানিয়েছে যে উত্তর সন্তোষজনক। সে কারণেই তার ওপর দেওয়া প্রশাসনিক সীমাবদ্ধতা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ক্রিকেটারদের নিয়ে কিছু বিরূপ ও অসৌজন্যমূলক মন্তব্য করে বিতর্কে জড়ান এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেও মন্তব্য করেছিলেন তিনি, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ঘটনার প্রতিবাদে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেন।

পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন ১৫ জানুয়ারি বিপিএল বয়কটের ঘোষণা দেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার। এর পরপরই বিসিবি নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলে কারণ দর্শানোর নোটিশ দেয়।

বিসিবি সূত্র জানায়, বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী কোনো নির্বাচিত পরিচালককে ইচ্ছামতো অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। চার বছরের জন্য নির্বাচিত পরিচালক শুধুমাত্র মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত গুরুতর শাস্তি, দেউলিয়া হওয়া বা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পদ হারাতে পারেন। এসব শর্ত প্রযোজ্য না হওয়ায় নাজমুল ইসলাম নিয়ম অনুযায়ী তার দায়িত্ব ফিরে পান।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman