দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
শুক্রবার সকালের সেই দুলুনিতে যখন ঢাকার মানুষ রাস্তায় দৌড়ে বেরিয়েছিল, তখন মনে হয়েছিল এটাই হয়তো জীবনের শেষ। কিন্তু ৩৩ ঘণ্টায় চারবার কাঁপল মাটি। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর ঘোড়াশাল থেকে শুরু হয়ে আজ শনিবার সন্ধ্যায় বাড্ডায় শেষ। ৫.৭ থেকে ৪.৩ মাত্রা। শুক্রবারের আঘাতে ১০ জনের প্রাণ গেছে এ পর্যন্ত, ৬০০-এর বেশি আহত। আজকের তিনটে কাঁপুনিতে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, কিন্তু মানুষের মনে আতঙ্ক আরও গাঢ় হয়ে উঠেছে।
শুক্রবারের সেই ভূমিকম্পটা যেন দুঃস্বপ্নের মতো এসেছিল। নরসিংদীর মাধবদীতে কেন্দ্রবিন্দু, গভীরতা মাত্র ১০ কিলোমিটার। রিখটারে ৫.৭। ২৬ সেকেন্ড ধরে দুলল সবকিছু। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ সব জায়গায় ভবনগুলো কেঁপে উঠল।
আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার মৃদু কাঁপুনি অনুভূত হয়। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আবার দুলুনি যার মাত্রা ৩.৭, এক সেকেন্ড পর আবার ৪.৩ মাত্রার ভূমিকম্প, পরপর দুবার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকায়। অধিদপ্তর আরো বলছে, এগুলো অ্যাফটারশক। শুক্রবারেরটা মূল কাঁপুনি।
