দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে রাষ্ট্রীয় দমন অভিযান চালানো ও হত্যাযজ্ঞে ভূমিকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
শুনানিতে প্রথমে দুই আসামির অব্যাহতির আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। এরপর প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পাঠ করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো। সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।
মামলায় পলক বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। বুধবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপরদিকে পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই চালাচ্ছেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে জয়ের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেন পলক। এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র হামলা চালানো হয়। একইসঙ্গে ইন্টারনেট বন্ধ রেখে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও হত্যায় সহায়তার অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ২৮ জন নিহত হন। এছাড়া উত্তরা এলাকায় আরও ৩৪ জন হত্যায় সহায়তার অভিযোগ রয়েছে।
এর আগে গত ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল।
