লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রচারের প্রথম দিনেই ছয় জেলায় তারেক রহমান: সিলেট থেকে শুরু বিএনপির নির্বাচনী মাঠযাত্রা

প্রকাশিত: 21 জানুয়ারী 2026

34 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই দেশের ছয় জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকেই প্রচার শুরু হবে।

বুধবার রাজধানীর গুলশান ২–এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমানের প্রচার সূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, বুধবার রাতেই তারেক রহমান বিমানে সিলেট যাবেন এবং সেখানে পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন।

বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠ এবং কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে সমাবেশ করবেন তিনি। দিন শেষে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায় সমাবেশে অংশ নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জ গাউছিয়া এলাকায় আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সফরসূচি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগেই লিখিতভাবে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে সম্ভাব্য জনসমাগম এড়াতে এর আগে কয়েকটি সফর বাতিল করা হয়েছিল বলেও জানান মাহদী আমিন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে ত্যাগী নেতাদের মূল্যায়নের অংশ হিসেবে পর্যায়ক্রমে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হবে। সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে একাধিক তরুণ নেতা থাকবেন।

এদিকে নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপি তাদের নির্বাচনী থিম সং উন্মোচন করতে যাচ্ছে। বুধবার রাত ১২টা ১ মিনিটে ঢাকার একটি হোটেলে থিম সং উদ্বোধন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করে সব রাজনৈতিক দলের প্রতি আচরণবিধি মেনে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman