দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন মহান অভিভাবক ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারাল। তাঁর ইন্তেকালে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ সংগ্রাম, নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতা জাতির স্মৃতিতে স্থায়ী হয়ে থাকবে। এসব বিবেচনায় চলতি মাসে সরকার তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।
শোকবার্তায় বলা হয়, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। আপোষহীন নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে জাতিকে মুক্তির প্রেরণা দিয়েছেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বৈরশাসক এরশাদের শাসনামলে গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব নয় বছরের স্বৈরশাসনের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারী শিক্ষা বিস্তারে অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালুর সিদ্ধান্তকে তিনি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
শোকবার্তায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার বিষয়টিও তুলে ধরে বলা হয়, মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাস তাঁর সংগ্রামী জীবনের এক কঠিন অধ্যায়।
প্রধান উপদেষ্টা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান।
