লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ফ্রান্স রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রকাশিত: 25 জুন 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে এমিলি পালাউয়ান উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর এক বিবৃতিতে জানানো হয়, আলোচনা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে দুর্নীতি দমন, আইনের শাসন সুসংহতকরণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় হয়।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ফ্রান্সের সহযোগিতার কথা উল্লেখ করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটেও দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণের সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারত্ব এবং কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, অর্থনৈতিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman