লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশ্বকাপেই শেষ হলো ওচোয়া যুগ, আবেগঘন বিদায়ে বিদায় মেক্সিকোর কিংবদন্তির

প্রকাশিত: 25 জুন 2026

5 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মেক্সিকান ফুটবলের এক স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি ঘটল ২০২৬ ফিফা বিশ্বকাপে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় জাতীয় দলের গোলবার রক্ষার দায়িত্ব পালন করা কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মেক্সিকোর ৩-০ গোলের জয়ের ম্যাচে শেষবারের মতো মাঠে নামেন ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা। ম্যাচের ৭৮তম মিনিটে তাকে মাঠে নামানো হলে স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক দাঁড়িয়ে করতালি ও স্লোগানে তাকে সম্মান জানান। আবেগঘন মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি ওচোয়া।

বিশ্বকাপ শুরুর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এটাই হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট। ম্যাচ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে মাঠ প্রদক্ষিণ করে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

২০০৫ সালে মেক্সিকোর জাতীয় দলে অভিষেকের পর থেকে দেশটির ফুটবলের অন্যতম নির্ভরতার প্রতীকে পরিণত হন ওচোয়া। তিনি বিশ্বের অল্প কয়েকজন ফুটবলারের একজন, যারা ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। একই তালিকায় রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি ।

তবে আন্তর্জাতিক অঙ্গনে তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স আসে ২০১৪ বিশ্বকাপে। স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে একের পর এক অবিশ্বাস্য সেভ করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। সেই ম্যাচটি এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং প্রদর্শনী হিসেবে বিবেচিত হয়।

পরবর্তী বিশ্বকাপগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওচোয়া। ২০১৮ সালে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের তারকা রবার্ট লেওয়ানডোস্কি এর পেনাল্টি ঠেকিয়ে আলোচনায় আসেন তিনি।

ক্লাব পর্যায়ে খুব বেশি বড় শিরোপা না জিতলেও জাতীয় দলের হয়ে সাতটি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন ওচোয়া। একই সঙ্গে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষক হিসেবেও নিজের ক্যারিয়ার শেষ করলেন তিনি।

বিদায়ের সময় ওচোয়া বলেন, তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন এবং গর্বের সঙ্গে ফুটবলকে বিদায় জানাচ্ছেন। তার এই বিদায়ের মধ্য দিয়ে মেক্সিকান ফুটবলের একটি গুরুত্বপূর্ণ যুগের সমাপ্তি ঘটল।

বিশ্বকাপের মঞ্চেই শুরু নয়, বরং শেষটাও স্মরণীয় করে রাখলেন মেক্সিকোর এই কিংবদন্তি গোলরক্ষক।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman