লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৬ জুলাই

প্রকাশিত: 25 জুন 2026

6 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৬ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারিত থাকলেও আসামিদের একজন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

এ কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন জানায়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ একাধিক রাজনৈতিক নেতার নাম রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, কয়েকজন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। অন্যদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন আসামি কারাগারে রয়েছেন।

আদালতে অভিযোগ গঠন শুনানি শেষে মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হবে বলে আইন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman