দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দেশে জ্বালানি তেল সংকট নিয়ে জনমনে উদ্বেগের মধ্যে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি সংশ্লিষ্ট মন্ত্রী। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
মন্ত্রী বলেন, “জনগণের কাছে আহ্বান থাকল আপনারা প্যানিক হবেন না। তেল আছে, আমরা নিয়মিত সরবরাহ করছি। প্রয়োজনের বেশি তেল সংগ্রহ করবেন না।” তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দিনরাত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও ভর্তুকি দিয়ে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখা হয়েছে। জনগণের স্বার্থ বিবেচনায় এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি। গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি আমদানি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী জানান, ঈদ উপলক্ষে দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হয়েছিল। তবে বর্তমানে সরবরাহ পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে এসেছে এবং উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
অন্যদিকে, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সংগঠনটির অভিযোগ, সীমিত সরবরাহ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পাম্প পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব দেশীয় বাজারে চাপ তৈরি করছে। তবে সরকার ও ব্যবসায়ীদের বক্তব্যে পার্থক্য থাকায় প্রকৃত পরিস্থিতি নিয়ে জনমনে অনিশ্চয়তা রয়ে গেছে।
