লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জাপান সফরে ড. ইউনূস

প্রকাশিত: 23 মার্চ 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি টোকিওর পথে যাত্রা করেন।

বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ করা হয়েছে। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ও ২৫ মার্চ টোকিওতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এ সম্মেলন এশিয়ায় শান্তি, আঞ্চলিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং সমসাময়িক আঞ্চলিক সংকট নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন বলে জানা গেছে।

সূত্র আরও জানিয়েছে, সফর শেষে আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও জাপানসহ একাধিক দেশ সফর করেছিলেন। তবে ওই সফরগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কতটা কার্যকর হয়েছে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা ছিল।

এর আগে ২০২৫ সালের মে মাসে জাপান সফরের সময় তিনি নিক্কেই ফোরামে অংশ নেন এবং জাপানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। পরে ২০২৬ সালের জানুয়ারিতে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকালে পুনরায় জাপান সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেন। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতি নিয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনার কথা ছিল।

বর্তমান সফরটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় না হলেও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ও নীতি আলোচনায় ব্যক্তিগত কূটনৈতিক যোগাযোগ জোরদারের একটি সুযোগ তৈরি করতে পারে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman