দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ১৫ জনকে সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ প্রদান করা হচ্ছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এছাড়া সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ সংবাদ সংস্থা এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার এবং সাংবাদিক আশরাফ কায়সার।
তালিকায় আরও আছেন শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া র ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এ স্বর্ণপদক চালু করেছে। প্রতিবছর দেশের উন্নয়ন ও সমাজে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এ পুরস্কারে সম্মানিত করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই সম্মাননা বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক পরিমণ্ডলে একটি প্রতীকী গুরুত্ব বহন করতে পারে। বিশেষ করে দলীয় নেতৃত্ব, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিকতা ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তি পুরস্কারটির পরিধি আরও বিস্তৃত করেছে।
