দ্য সিভিলিয়ানস । রাজনৈতিক ডেস্ক ।
প্রশাসনিক চাপ কমানো, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা করছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আগামী বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রগুলো বলছে, নতুন করে পাঁচ থেকে ছয়জনের নাম নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন থেকে চারজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি কারিগরি বিশেষজ্ঞ কোটায় একজনকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা রয়েছে। একই সঙ্গে দুজন নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনাও রয়েছে।
সম্ভাব্য নতুন মুখ হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নাম আলোচনায় রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিমা রহমানের নামও আলোচনায় রয়েছে।

সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাস করা হতে পারে। কিছু মন্ত্রণালয়ে প্রশাসনিক দুর্বলতা, কাজের ধীরগতি এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ সরকারের নজরে এসেছে। এ কারণে কয়েকজনের দায়িত্ব কমানো বা দপ্তর পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
একাধিক সূত্রের দাবি, তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক মন্ত্রীর বক্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাঁর দায়িত্ব কমানোর আলোচনা চলছে। একই সঙ্গে কয়েকজনকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবেও দায়িত্ব দেওয়া হতে পারে।
নোয়াখালী অঞ্চল থেকে বর্তমানে মন্ত্রিসভায় কোনো প্রতিনিধি না থাকায় সেখান থেকেও একজনকে অন্তর্ভুক্ত করার চিন্তা করছে সরকার। আঞ্চলিক ভারসাম্য ও রাজনৈতিক প্রতিনিধিত্বকে গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র আরও জানিয়েছে, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানো এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় শক্তিশালী করতেই নতুন উপদেষ্টা নিয়োগের প্রস্তুতি চলছে। কয়েকজনের ফাইল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।
এ বিষয়ে বিএনপির গণমাধ্যম সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বর্তমান মন্ত্রিসভা জনগণের কাছে ইতিবাচক গ্রহণযোগ্যতা পেয়েছে। ভবিষ্যতে যেকোনো পরিবর্তন বা সম্প্রসারণ দেশ ও সরকারের স্বার্থ বিবেচনায় করেই করা হবে।
বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টাও রয়েছেন।
