দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ড. শফিকুর রহমান।
শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত সহযোগিতা, বাণিজ্য এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
আলোচনায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বৈশ্বিক সংকট মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ও উঠে আসে। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। জামায়াতের আমির রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন এবং মানবিক সহায়তার জন্য রিসেপ তায়েপ এরদোগান ও তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানে আরও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
বৈঠকের একপর্যায়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্দেশে একটি শুভেচ্ছাপত্র হাকান ফিদানের হাতে তুলে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জামায়াতের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সায়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পারওয়ার, রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বাবুল, সেলিম উদ্দিন এবং মীর আহমেদ বিন কাসেম।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক অর্থনীতি, প্রতিরক্ষা, সংস্কৃতি ও মানবিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে। সরকারি পর্যায়ের বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তুরস্কের উচ্চপর্যায়ের যোগাযোগও দুই দেশের সম্পর্কের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরছে।

