লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা

প্রকাশিত: 06 জুন 2026

3 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোঃ শাখাওয়াত হোসাইন।

শনিবার সকালে ঢাকার রবীন্দ্র সরোবর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব বাসাবাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সচেতনতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী চলতি মৌসুমে ডেঙ্গুর কিছু জটিল রূপ দেখা দিতে পারে। বিশেষ করে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সংক্রমণে রক্তক্ষরণের মতো জটিলতা দেখা দিতে পারে। তাই উপসর্গ দেখা দেওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সাম্প্রতিক জরিপ অনুযায়ী দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। তার মতে, জনগণ ও সিটি করপোরেশন সমানভাবে দায়িত্ব পালন করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেক বেশি কার্যকর হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার, এসির ট্রে এবং জমে থাকা বৃষ্টির পানি নিয়মিত পরিষ্কার করা ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।

বর্তমানে বর্ষা মৌসুম শুরু হওয়ায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে সরকার, স্থানীয় প্রশাসন এবং সাধারণ নাগরিকদের সমন্বিত উদ্যোগই ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman