লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমানের সঙ্গে ডাকসু প্রতিনিধিদলের বৈঠক, ‘বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে বিভাজনের কোনো সুযোগ নেই’

প্রকাশিত: 01 জানুয়ারী 2026

27 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠকের শুরুতে প্রতিনিধিদলটি সদ্য মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে গুলশানের কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শোক বইয়ে স্বাক্ষরের পর তারেক রহমানের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি জানান, ছাত্র সমাজ ও দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে তারেক রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্যকে সবচেয়ে জরুরি বলে মনে করছেন তারেক রহমান। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য গণতান্ত্রিক বাস্তবতা হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে বিভাজনের কোনো সুযোগ নেই।

বিএনপি, জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল, ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।

ডাকসু ভিপি আরও বলেন, বিপ্লবের এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু বিপ্লব-পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনকে কাজে লাগিয়ে দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বৈঠকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুযায়ী বাংলাদেশপন্থি রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার অঙ্গীকারের কথা জানান সাদিক কায়েম।

তিনি বলেন, গত ১৬ বছর তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের মতো পদক্ষেপে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়। সাদিক কায়েম অভিযোগ করেন, হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও গ্রেপ্তার হয়নি এবং কেউ কেউ অন্তর্বর্তী সরকারের ভেতরেই আশ্রয় নিয়ে আছে। দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

সবশেষে তিনি বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকলেও জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে ছাত্র সমাজ রাজপথে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman