লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমানকে সান্ত্বনা জানাতে গুলশানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, করেছেন শোক বইয়ে স্বাক্ষর

প্রকাশিত: 01 জানুয়ারী 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে ডা. শফিকুর রহমান গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যান। সেখানে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে শোক ও সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর আমির গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে আরও উপস্থিত ছিলেন এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। বুধবার সংসদ ভবন এলাকায় রাষ্ট্রীয় ও ঐতিহাসিক মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে শোকের সময়ে সৌজন্য ও মানবিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman