দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল ভোটগ্রহণের পরদিন শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বিকেলের মধ্যেই ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আধুনিক অটোমেশন ব্যবস্থা ও ডিজিটাল প্রযুক্তির কারণে ফল সংগ্রহ ও সংকলন আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত হবে।
রোববার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও এতে ফল ঘোষণায় বড় ধরনের বিলম্বের আশঙ্কা নেই। দুর্গম কিছু এলাকায় যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার কারণে সামান্য সময় লাগতে পারে, তবে তিন দিন অপেক্ষার কোনো প্রশ্নই ওঠে না বলে তিনি স্পষ্ট করেন।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে এই নির্বাচন কমিশনার বলেন, অতীতের তুলনায় এবারের নির্বাচনী পরিস্থিতি অনেক বেশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনী মিলিয়ে ১১ থেকে ১২ লাখ নিরাপত্তা সদস্য মোতায়েন করা হচ্ছে। তারা রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা ও নজরদারির বিষয়ে তিনি জানান, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম কাজ করবে। কেন্দ্রগুলো থেকে প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য কেন্দ্রীয় সেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয়।
গুজব ও অপপ্রচার ঠেকাতে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষ ফ্যাক্ট ফাইন্ডিং সেল সার্বক্ষণিক কাজ করবে বলে জানান তিনি। ভোটারদের উদ্দেশে ইসি আনোয়ারুল ইসলাম আবারও স্মরণ করিয়ে দেন, ভোটকেন্দ্রে প্রবেশের সময় মোবাইল ফোন সঙ্গে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং দ্রুততম সময়ে সেই ফলাফল জাতির সামনে তুলে ধরাই কমিশনের লক্ষ্য।
