লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নাহিদ ইসলামের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

প্রকাশিত: 09 ফেব্রুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা–১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এই রিট আবেদন করেন।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে দাবি করা হয়, মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দেশ ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন বলে রিটে উল্লেখ করা হয়।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। শুনানির পর আদালতের আদেশের ওপর নির্ভর করবে নাহিদ ইসলামের প্রার্থিতা বহাল থাকবে কি না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা–১১ সংসদীয় আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, জাতীয় পার্টির শামীম আহমেদসহ মোট দশজন প্রার্থী। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত রিটের কারণে নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশন ও আদালতের সিদ্ধান্তের দিকে নজর বাড়িয়েছে প্রার্থীদের পাশাপাশি ভোটারদেরও।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman