দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত রোববার রায়ের দিন ধার্য করা হয়েছিল। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর এলাকার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব ২। অভিযানকালে পালানোর চেষ্টা করলে ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরদিন র্যাবের হাবিলদার মশিউর রহমান আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, খুন জখম ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছিলেন। অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন বলে তদন্তে উঠে আসে।
তদন্ত শেষে আদাবর থানার উপপরিদর্শক জাহিদ হাসান গত বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
আদালত সংশ্লিষ্টরা জানান, গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এ মামলায় জামিনে ছিলেন ফয়সাল করিম। পরে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি তাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে।
একাধিক গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতের এই রায় চলমান আলোচিত হত্যাকাণ্ড ও সংশ্লিষ্ট অপরাধ নেটওয়ার্ক তদন্তে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
