দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সুনামগঞ্জে আকস্মিক বজ্রপাতে এক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার চারটি উপজেলায় পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন ধর্মপাশার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), তাহিরপুরের আবুল কালাম (২৮), দিরাইয়ের লিটন মিয়া (৩৮) এবং জামালগঞ্জের নূর জামাল (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্মপাশায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন হবিবুর রহমান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই উপজেলায় আরেক ঘটনায় বজ্রপাতে কিশোর রহমত উল্লাহ নিহত হয়। তাহিরপুরে হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান আবুল কালাম। দিরাই ও জামালগঞ্জেও ধান কাটার সময় বজ্রপাতে আরও দুই কৃষকের মৃত্যু হয়।
একই সময়ে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈশাখ মৌসুমে হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে খোলা মাঠে কৃষিকাজের সময় ঝুঁকি বেশি থাকে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আকস্মিক কালবৈশাখী ঝড় ও বজ্রপাত থেকে বাঁচতে আগাম সতর্কতা, আশ্রয় গ্রহণ এবং মাঠে কাজের সময় সতর্কতা অবলম্বন জরুরি।
প্রতি বছরই হাওরাঞ্চলে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রনিরোধক ব্যবস্থা ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হলে এমন দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।
