দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। দেশটির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি ও পিটিআই জানিয়েছে, ইসলামাবাদে সম্ভাব্য এই বৈঠক ঘিরে নিরাপত্তা ও কূটনৈতিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।
পাকিস্তানি সূত্রগুলো বলছে, মূল গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করা এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আগমন নিশ্চিত করা। এ প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির-এর সাম্প্রতিক তেহরান সফরকেও এই প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই প্রেক্ষাপটে প্রথম দফায় ইসলামাবাদ-এ উভয় পক্ষের প্রতিনিধিরা বৈঠকে বসে। তবে টানা ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
পরবর্তীতে দুই দেশই দ্বিতীয় দফা সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে এবং ভেন্যু হিসেবে ইসলামাবাদে আপত্তি না থাকায় পাকিস্তান আবারও মধ্যস্থতাকারীর ভূমিকা জোরদার করে। বিশ্লেষকদের মতে, এই সংলাপ সফল হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
