লোড হচ্ছে...
লোড হচ্ছে...

টিটন হত্যায় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ-এর ভাই জোসেফ জড়িত

প্রকাশিত: 01 মে 2026

15 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীতে শীর্ষসন্ত্রাসী নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে তদন্ত। গোয়েন্দা সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ-এর ভাই জোসেফ এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে ‘সেভেন স্টার’ ও ‘ফাইভ স্টার’ গ্রুপের দ্বন্দ্ব ছিল তীব্র। টিটন ছিলেন ফাইভ স্টার গ্রুপের অন্যতম প্রভাবশালী সদস্য এবং প্রতিদ্বন্দ্বী গ্রুপকে কোণঠাসা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই পুরোনো দ্বন্দ্ব থেকেই এই হত্যার সূত্রপাত হতে পারে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

গোয়েন্দাদের তথ্যে উঠে এসেছে, টিটন কারামুক্ত হওয়ার পর থেকেই তাকে টার্গেট করা হয়। কিলিং মিশনের পরিকল্পনা বিদেশ থেকে, বিশেষ করে সুইডেনে অবস্থানরত জোসেফের মাধ্যমে পরিচালিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অর্থায়নও সেখান থেকেই এসেছে বলে ধারণা তদন্তকারীদের।

অন্যদিকে, আরেক আলোচিত ব্যক্তি পিচ্চি হেলাল এক অডিও বার্তায় এই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, টিটনের ভগ্নিপতি ইমন এ ঘটনায় জড়িত থাকতে পারেন এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত হত্যাকারীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে টিটনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

তদন্তকারীরা বলছেন, এটি পরিকল্পিত টার্গেট কিলিংয়ের ঘটনা হতে পারে। তবে প্রকৃত অপরাধীদের শনাক্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman