দ্য সিভিলিয়ানস । বিনোদন ডেস্ক ।
বলিউডে ক্যারিয়ার যখন ধীরে ধীরে শক্ত হচ্ছিল, ঠিক তখনই অভিনয় জগতকে বিদায় জানান সাবেক অভিনেত্রী সানা খান। ২০২০ সালের নভেম্বরে গুজরাটের ব্যবসায়ী ও ধর্মীয় অনুশীলনে যুক্ত মুফতি আনাস সাইদের সঙ্গে বিয়ের পর তার জীবনধারায় আসে বড় পরিবর্তন। গ্ল্যামার ছেড়ে ধর্মনিষ্ঠ ও সাদামাঠা জীবনে অভ্যস্ত হওয়াই তখন আলোচনার কেন্দ্রে আসে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা খান জানান, বিয়ের আগে তাদের সম্পর্কের শুরুটা ছিল পুরোপুরি ধর্মীয় পরিসরে। সে সময় আনাস সাইদ তাকে ‘বাজি’ অর্থাৎ বোন বলেই সম্বোধন করতেন। ধর্মীয় অনুশীলন ও আলোচনার সূত্র ধরেই দুজনের পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়, যদিও তখন কেউই ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা করেননি।
সানা বলেন, বিয়ের পর তিনি অনেক সিদ্ধান্তেই স্বামীর ওপর নির্ভরশীল। আনাস পাশে থাকলে নিজে বেশি ভাবেন না, বরং তার সিদ্ধান্তকেই অগ্রাধিকার দেন। ধর্মীয় জীবনচর্চা, বিলাসিতা থেকে দূরে থাকা এবং সাধারণ জীবনযাপনই নাকি ধীরে ধীরে আনাস সাইদকে তার প্রতি আকৃষ্ট করে।
অন্যদিকে আনাস সাইদ জানান, সানার পরিবারের প্রতি দায়িত্ববোধ ও আন্তরিকতাই তার ভালোবাসাকে গভীর করে তোলে। বাবা মায়ের যত্ন, সংসারের খুঁটিনাটি দেখভাল সবকিছুতেই সানার মনোযোগ তাকে মুগ্ধ করে। তখনই তিনি বুঝতে পারেন, যাকে একসময় ‘বোন’ বলে ডাকতেন, তিনিই হতে যাচ্ছেন তার জীবনসঙ্গী।
ধর্ম, বিশ্বাস আর সাধারণ জীবনচর্চার ভেতর দিয়েই গড়ে ওঠা এই সম্পর্ক শুরু হয়েছিল একেবারেই ভিন্ন এক সম্বোধন দিয়ে, যা আজ পরিণত হয়েছে দাম্পত্য জীবনে।
