দ্য সিভিলিয়ানস । বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য দেখিয়ে চলেছে। আদিত্য ধর পরিচালিত এ সিনেমাটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে, ভারতীয় বাজারের পাশাপাশি বিশ্বব্যাপী আয়েও পৌঁছেছে নতুন উচ্চতায়।
স্যাকনিল্কের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর মোট আয় দাঁড়িয়েছে ৮৭২.২৫ কোটি টাকা। এর মাধ্যমে সিনেমাটি ঋষভ শেঠি পরিচালিত কন্নড় ব্লকবাস্টার ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর ৮৫২ কোটি টাকার রেকর্ড ছাড়িয়ে গেছে। ফলে ২০২৫ সালের সবচেয়ে সফল সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘ধুরন্ধর’।
শুধু তাই নয়, রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’কে পেছনে ফেলে ভারতের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ১০ম স্থানে জায়গা করে নিয়েছে রণবীর সিংয়ের এই সিনেমা। বর্তমানে এই তালিকায় রয়েছে কেজিএফ চ্যাপ্টার ২, আরআরআর, কল্কি ২৮৯৮ এডি, জওয়ান, কান্তারা চ্যাপ্টার ১, ছাবা ও স্ত্রী ২। নতুন সংযোজন হিসেবে যুক্ত হলো ‘ধুরন্ধর’।
বিশেষজ্ঞদের মতে, বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে সিনেমাটির আয় আরও বাড়তে পারে। ভারতে মুক্তির তৃতীয় সপ্তাহেও ছবিটির দাপট কমেনি। গত সোমবার একদিনেই আয় করেছে ১৬ কোটি টাকা। ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৫৭১ কোটি টাকায়। প্রথম সোমবার ছবিটির আয় ছিল ২৩.৫ কোটি এবং দ্বিতীয় শুক্রবারে ৩০ কোটি টাকা।
তারকাবহুল এই সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও শিশুশিল্পী সারা অর্জুন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দর্শকদের ‘ধুরন্ধর ২’ দেখার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। সিনেমাটির সিক্যুয়েল আগামী ২০২৬ সালের মার্চ মাসে মুক্তির পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ এখনো বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।
