দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে নিরপেক্ষতা, সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো ধরনের চাপ, হুমকি বা বিশৃঙ্খলার মুখেও ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না।
সোমবার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে এসব নির্দেশনা দেন মহাপরিচালক। তিনি বলেন, এবারের নির্বাচন আগের মতো নয়। এটি দেশের মানুষের আমানত, আর সেই আমানত রক্ষার দায়িত্ব আনসার ও ভিডিপি সদস্যদের কাঁধেই ন্যস্ত। কোনোভাবেই প্রভাবিত হওয়া বা কেনাবেচার সঙ্গে যুক্ত হওয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি।
মহাপরিচালক জানান, এবারের নির্বাচনে সারাদেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে ঢাকায় সর্বাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। ঢাকা মহানগরের চারটি জোনের ৩৬ থানার আওতায় ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে ২৭ হাজার ৭০৩ জন সদস্য নিয়োজিত থাকবেন।
তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য থাকবেন। ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, বিশৃঙ্খলা প্রতিরোধ এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় তাদের মূল দায়িত্ব। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপটি কার্যকর থাকবে বলেও জানান তিনি।
বক্তব্যে ধর্মীয় ও নৈতিক দিক তুলে ধরে মহাপরিচালক বলেন, দায়িত্বে অবহেলা বা বিশ্বাসভঙ্গ শুধু আইনি অপরাধ নয়, এটি আল্লাহর কাছেও জবাবদিহির বিষয়। তিনি যোগ করেন, আগামীর নতুন বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে জানানো হয়, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে মাঠে থাকবে।
