লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মার্কিনিদের সাথে আলোচনায় বসতে যে শর্ত দিল ইরান

প্রকাশিত: 10 এপ্রিল 2026

7 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধবিরতি নিশ্চিত না হলে কোনো আলোচনা সম্ভব নয়।

বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, লেবাননে চলমান হামলা বন্ধ করা আলোচনার পূর্বশর্ত। ইরান ও লেবাননের জনগণের মধ্যে সংহতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধবিরতির এই বিষয়টি উপেক্ষা করে কোনো কূটনৈতিক উদ্যোগ এগোতে পারে না।

তিনি আরও জানান, পাকিস্তানের প্রস্তাবিত যুদ্ধবিরতি সমঝোতায় লেবানন একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্র যদি সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি না দেয়, তবে তা তাদের অঙ্গীকার থেকে সরে আসার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্ভাব্য সংলাপের স্থান হিসেবে ইসলামাবাদ-এর নাম উল্লেখ করে বাকাই বলেন, পাকিস্তান সরকার উভয় পক্ষকে সেখানে আলোচনার আমন্ত্রণ জানিয়েছে। তবে যেকোনো বৈঠক অনুষ্ঠিত হবে যুদ্ধবিরতির নিশ্চয়তার ওপর নির্ভর করে।

ইরানি প্রতিনিধিদলের সফর পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। পরিকল্পনা নিশ্চিত হলে প্রতিনিধিদের নাম প্রকাশ করা হবে।

লেবাননকে কেন্দ্র করে ইরানের এই শর্ত মধ্যপ্রাচ্যের সংঘাতকে একক ফ্রন্টের বাইরে এনে বহুমাত্রিক করে তুলছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ আরও জটিল হয়ে উঠতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman