দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।
ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সোমালিল্যান্ডে পাঠানোর একটি ষড়যন্ত্র করছে ইসরায়েল, এমন গুরুতর অভিযোগ তুলেছে সোমালিয়া সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট ও গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিকি বলেন, সোমালিয়া সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে, ইসরায়েল ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পুনর্বাসনের একটি বিস্তারিত নীলনকশা তৈরি করেছে। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমালিল্যান্ডকে দেওয়া কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানান।
গত বছরের ডিসেম্বরে ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই সিদ্ধান্তকে সোমালিয়া তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহম্মাদ দাবি করেছেন, এই স্বীকৃতির বিনিময়ে সোমালিল্যান্ড ইসরায়েলের তিনটি শর্তে সম্মত হয়েছে—ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগরের উপকূলে ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়া।
তবে সোমালিল্যান্ড কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের পুনর্বাসনের অভিযোগ অস্বীকার করেছে। যদিও ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা তারা সরাসরি নাকচ করেনি। ক্ষমতাসীন ওয়াদানি পার্টির চেয়ারম্যান হারসি আলী হাজি হাসান বলেছেন, দীর্ঘদিন আন্তর্জাতিক স্বীকৃতি থেকে বঞ্চিত থাকার কারণে যে দেশই তাদের স্বীকৃতি দেবে, তারা সেটিকে স্বাগত জানাতে বাধ্য।
বিশ্লেষকদের মতে, অভিযোগ সত্য হলে এটি শুধু ফিলিস্তিন সংকট নয়, বরং পুরো হর্ন অব আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতার জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে।
