লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 02 মার্চ 2026

136 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐক্যমতের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন শুরু করতে সরকার আগ্রহী। সেই ধারাবাহিকতায় প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সাক্ষাতের মাধ্যমে ডেপুটি স্পিকার মনোনয়নের আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।

জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। তবে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার অংশ হিসেবে ডেপুটি স্পিকার পদ বিরোধী দলের জন্য ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদই নিতে পারে। কিন্তু জুলাই জাতীয় সনদের চেতনা অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়াই সমঝোতার অংশ, এবং সরকার সেটি বাস্তবায়নে সদিচ্ছা দেখাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সংসদে অংশগ্রহণমূলক রাজনীতি ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman