লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মাতুয়াইল ল্যান্ডফিলের আগুন: বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

প্রকাশিত: 02 মার্চ 2026

127 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিলে প্রায়ই দেখা যায় টানা দিনের পর দিন ধরে আগুন জ্বলতে থাকে। এর ফলে আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। যা জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন দেশের বৃহত্তম বর্জ্য ডাম্পিং স্থল থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ডেমরা, যাত্রাবাড়ী, জুরাইন ও কোনাপাড়াসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এমনকি এই ধোঁয়া মতিঝিল পর্যন্ত পৌঁছে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আগুন লাগিয়ে ময়লা পোড়ানোর কারণে এলাকাজুড়ে পোড়া বর্জ্যের তীব্র গন্ধ ও ধোঁয়া স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথাব্যথা ও বমিভাবের মতো সমস্যায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ঘটনাস্থলে দেখা গেছে, বিশাল ময়লার স্তূপের নিচে ধিকিধিকি করে আগুন জ্বলছে এবং ওপর দিয়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, ল্যান্ডফিলে জমে থাকা জৈব বর্জ্য থেকে উৎপন্ন মিথেন গ্যাসের কারণে এ ধরনের দীর্ঘস্থায়ী আগুন সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণ করা কঠিন। দীর্ঘ সময় এই ধোঁয়ার সংস্পর্শে থাকলে শ্বাসযন্ত্রের ক্ষতি, ফুসফুসের জটিলতা এবং পরিবেশ দূষণের ঝুঁকি বাড়তে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রিত পন্থায় কাজ করছে বলে জানালেও স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। পরিবেশবিদরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ ল্যান্ডফিল ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman