লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চট্টগ্রামে দেয়ালজুড়ে আবার নতুন করে জুলাই গ্রাফিতি

প্রকাশিত: 19 মে 2026

17 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । চট্টগ্রাম ব্যুরো ।

চট্টগ্রামের টাইগারপাস এলাকায় আবারও দেয়ালজুড়ে আঁকা হয়েছে জুলাই আন্দোলনের স্মৃতিবাহী গ্রাফিতি। রাজনৈতিক উত্তেজনা, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং তরুণদের প্রতীকী প্রতিবাদের মধ্যেই সোমবার সন্ধ্যায় নগরজুড়ে নতুন করে শুরু হয় দেয়ালচিত্র আঁকার কর্মসূচি।

সন্ধ্যা নামার আগেই টাইগারপাস এলাকায় ভিড় জমাতে শুরু করেন তরুণ-তরুণী, শিল্পী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন -এর প্রধান ফটকের দেয়ালে “জুলাই গ্রাফিতি” শিরোনামে শুরু হয় চিত্রাঙ্কন। রং, তুলি ও স্প্রে ক্যান হাতে অংশগ্রহণকারীরা দেয়ালে তুলে ধরেন প্রতিবাদ, স্মৃতি ও রাজনৈতিক বার্তা।

একই সময়ে টাইগারপাস মোড়ে পৃথকভাবে গ্রাফিতি কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর আগে একই এলাকায় দেয়ালচিত্র আঁকার উদ্যোগ নেয় গনধিকার পরিষদও।

দিনের শুরুতে পরিস্থিতি ছিল উত্তপ্ত। দুপুরে কয়েকজন শিক্ষার্থী দেয়ালে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সাময়িক উত্তেজনা তৈরি হয়। অংশগ্রহণকারীদের দাবি, জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা মানে ইতিহাস ও গণআন্দোলনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা। তাদের ভাষায়, এটি কেবল শিল্পচর্চা নয়, বরং সময়ের দলিল সংরক্ষণের প্রচেষ্টা।

রোববার থেকে গ্রাফিতি অপসারণের অভিযোগকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি অবস্থানের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন লালখান বাজার থেকে টাইগারপাস পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে রাজনৈতিক দলগুলো কর্মসূচি স্থগিত করলেও সন্ধ্যার পর আবার দেয়ালে ফিরে আসে রঙের আঁচড়।

স্থানীয়দের মতে, চট্টগ্রামের দেয়াল এখন শুধু নগর সৌন্দর্যের অংশ নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস, তরুণদের অনুভূতি এবং মতপ্রকাশের এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman