লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এনসিপি, একসঙ্গে নির্বাচনের ঘোষণা

প্রকাশিত: 28 ডিসেম্বর 2025

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জামায়াতে ইসলামীসহ আট দলীয় রাজনৈতিক জোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জামায়াতসহ আট দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। তিনি জানান, জোটের বাইরে এনসিপির কোনো আলাদা প্রার্থী থাকবে না এবং নির্ধারিত আসনগুলোতে সবাই জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে। কোন দল কোন আসনে প্রার্থী দেবে, তা সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নাহিদ ইসলাম বলেন, শুরুতে এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে অনুযায়ী সারাদেশে মনোনয়নও আহ্বান করা হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা এবং নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার আশঙ্কা বিবেচনায় নিয়ে বৃহত্তর ঐক্যের প্রয়োজন দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এসেছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে এনসিপি মনে করছে। এই পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।

এর আগে একই দিনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, এনসিপি ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তাদের নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়েছে। ফলে জোটের মোট দলের সংখ্যা দাঁড়াল ১০টি।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman