লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জানুয়ারিতে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস পাকিস্তান হাইকমিশনারের

প্রকাশিত: 28 ডিসেম্বর 2025

206 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানিয়েছেন, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট আগামী জানুয়ারিতে চালু হতে যাচ্ছে। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।

সাক্ষাতে ইমরান হায়দার বলেন, গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উভয় দেশের ব্যবসায়ী মহল নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সুযোগ খুঁজছে বলেও উল্লেখ করেন তিনি।

সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বাড়ার দিকেও দৃষ্টি আকর্ষণ করে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার বিষয়ে আগ্রহী হয়ে উঠছেন। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তাদের আগ্রহ উল্লেখযোগ্য।

তিনি আরও জানান, লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য পাকিস্তানের শীর্ষস্থানীয় হাসপাতালে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যাও বাড়ছে। এ খাতে প্রশিক্ষণ ও একাডেমিক সহযোগিতা বাড়াতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতাকে স্বাগত জানান। তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ বৃদ্ধি, সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, হাইকমিশনার ইমরান হায়দারের দায়িত্বকালেই বিনিয়োগ ও যৌথ ব্যবসার নতুন ক্ষেত্র তৈরি হবে।

সাক্ষাতে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman